অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নেবেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি গণমাধ্যমকে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান।
শফিকুল হক মিলন বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে আসায় অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রমও হয়েছে। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেনও জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিমানবন্দরে মন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান। ভূমিমন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।