বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো ও পরিবেশ সুরক্ষার উদ্যোগ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় সড়কের পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর আওতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতু থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা অংশ নেন।
নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর পিভিএমের ব্যক্তিগত অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। তালবীজ সংগ্রহে সহায়তা করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল ও বিভিন্ন এলাকার বৃক্ষপ্রেমীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হুমায়ুন কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা বীজের পরিচর্যা ও নিয়মিত তদারকির দায়িত্ব আনসার-ভিডিপি সদস্যরা পালন করবেন।
বিশেষ অতিথি বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, গ্রামীণ সড়কের পাশে তালবীজ রোপণের উদ্যোগ প্রশংসনীয়। গাছগুলো বেড়ে উঠলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি বজ্রপাত মোকাবিলায় সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনসহ বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রোপণ করা বীজগুলোর পরিচর্যা নিশ্চিত করার কথা জানান উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা।




