ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বাসমতি চাল, ফুসকা, বাজি, কফি, গরু ও গাঁজাসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭৯ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।