বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর কাশিপুর এলাকার এনামুল হকের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নাজমুল হক কী কারণে আদালতের ১০ তলা ভবনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।