রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবারের অভিযানে গত বছরের তুলনায় কমসংখ্যক জেলে কারাদণ্ড পেয়েছেন। একই সঙ্গে উদ্ধার হয়েছে আগের বছরের তুলনায় অনেক কম অবৈধ কারেন্ট জাল। জেলা মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যানে এই পার্থক্য উঠে এসেছে।
চলতি বছরের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৬ লাখ ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গত বছর একই মেয়াদের অভিযানে উদ্ধার হয়েছিল ৩০ লাখ ১৫ হাজার মিটার জাল। অর্থাৎ এক বছরের ব্যবধানে জাল উদ্ধারের পরিমাণ কমেছে ১৩ লাখ ৬০ হাজার মিটার।
এবারের অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৬ জন জেলেকে। অথচ ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১৭১। সে হিসাবে এবার কারাদণ্ডপ্রাপ্ত জেলের সংখ্যা ১২৫ জন কমেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক অভিযানের পরিসংখ্যান নিশ্চিত করেন। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের অভিযানে ৯৭টি অভিযান এবং ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ২৭৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে মাছগুলো এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
অবৈধভাবে মাছ ধরার ঘটনায় এ বছর ৭৮টি মামলা হয়েছে। পাশাপাশি ২৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বিভিন্ন অপরাধে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৮৬ হাজার টাকা। জব্দ করা মালামাল নিলামে বিক্রি করে সরকারি আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা।
গত বছরের চিত্র ছিল ভিন্ন। ২০২৫ সালে ২২ দিনের নিষেধাজ্ঞায় ১৭২টি অভিযান ও ৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সে সময় ১৭১ জন জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। নৌপুলিশের পক্ষ থেকে ২২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হয়েছিল।
ওই বছর উদ্ধার করা ৩০ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ছিল ৫ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকা। জব্দ করা ১ হাজার ১১৮ কেজি ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছিল। নৌকা নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা পড়ে ৯৭ হাজার টাকা। জেলেদের কাছ থেকে জরিমানা আদায় হয়েছিল ১ লাখ ২২ হাজার ২০০ টাকা।
এবারের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার সচেতন নাগরিকদের কেউ কেউ। তাঁদের অভিযোগ, নিষেধাজ্ঞার মধ্যেও নদীর তীরে অস্থায়ী বাজার বসিয়ে ইলিশ বিক্রি হয়েছে। তাঁদের মতে, শুধু নদীতে অভিযান চালালেই হবে না, নিষিদ্ধ সময়ে মাছ কেনাবেচার স্থানগুলোতেও নজরদারি বাড়াতে হবে।
তবে অভিযানের ফল কম হওয়ার পেছনে প্রাকৃতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মাহবুব উল হক বলেন, অভিযানের শুরুর দিকে নদীতে স্রোত বেশি থাকায় জেলেদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। ফলে ওই সময়ে জাল উদ্ধার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সংখ্যাও কম হয়েছে।
তিনি জানান, নিষেধাজ্ঞার মাঝামাঝি সময়ে নদীতে জেলেদের তৎপরতা বাড়লে অভিযানও জোরদার করা হয়। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেগুলো মোকাবিলা করে সংরক্ষণ কার্যক্রম চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।