নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে উপজেলার টাংকির খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানসহ একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফট জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযান ও চিনির চালান জব্দের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চিনি ও নৌযানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা। চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।