যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এ সময় স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটাসংলগ্ন নাভারন-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
শার্শা থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা করা হয়েছে। আটক আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।