খুলনার তেরখাদায় রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পারহাজী গ্রামের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পাঁজরে লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রামীম বিশ্বাস ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, হামলার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।