বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, টেকসই ও আধুনিক করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এবং সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মো. জাহাঙ্গীর আলম খান প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গবেষণা ও প্রশিক্ষণ) মো. জিন্নুরাইন খান। এ সময় বিএমডিএর সচিব মো. মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন। এতে সেচযন্ত্রের সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক নিরাপত্তা, পাম্পের প্যানেল বোর্ড, সার্কিট ডায়াগ্রাম, স্টার-ডেল্টা কানেকশন, ট্রান্সফরমারের ত্রুটি শনাক্তকরণ ও মেরামতসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশে সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সেচযন্ত্র ও সংশ্লিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত করে ব্যবস্থা নেওয়া গেলে বড় ধরনের ক্ষতি ও অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএমডিএর সেচ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে কৃষকদের নিরবচ্ছিন্ন ও সময়মতো সেচসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাটমোহর ও পাবনাসহ বিভিন্ন জোন ও রিজিয়নের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের সেচসেবা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




