কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে চিকিৎসাসেবা দেওয়া ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মো. দেলোয়ার হোসেনকে ‘ভুয়া ডাক্তার’ আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের চিকিৎসাসেবার বৈধতার পক্ষে উচ্চ আদালতের রায় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন থাকার কথা জানিয়েছেন তিনি।
বুধবার মুদাফরগঞ্জ বাজারের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, তিনি ২২ বছর ধরে দেশে-বিদেশে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। নিজেকে ‘ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান’ ও বিকল্প ধারার চিকিৎসক হিসেবে পরিচয় দেন তিনি।
তিনি দাবি করেন, বিকল্প ধারার চিকিৎসকদের পক্ষ থেকে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। এসব নথির ভিত্তিতেই তিনি মুদাফরগঞ্জে চিকিৎসাসেবা দিয়ে আসছেন বলে দাবি করেন।
দেলোয়ার হোসেন অভিযোগ করেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় তার চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি লিগ্যাল নোটিশ দিয়েছেন বলেও জানান। প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তিনি অপপ্রচার বন্ধে সহযোগিতা চান।
তবে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, সাময়িকভাবে চেম্বার বন্ধ রেখে দেলোয়ার হোসেনকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তিনি সব কাগজপত্র দেখাননি। বৈধ কাগজপত্র থাকলে চিকিৎসাসেবায় কোনো বাধা নেই।