রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

পুলিশ জানিয়েছে, স্টুডিওটি যে জমিতে তৈরি করা হয়েছিল, সেই জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সালমান মুক্তাদির জানান, শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। রাতের দিকে স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে তিনি ধারণা করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো জমির মালিকপক্ষ ছিল। পাশাপাশি চাঁদা দাবির বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।ক্যান্টনমেন্ট থানার ওসি জানান, জমিতে নিউ গিনি প্রপার্টিজের তৈরি করা একটি গেট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। চলাচলে বাধার অভিযোগ থেকেই প্রতিপক্ষের লোকজন সেখানে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।