জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী তৈরিতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, শিক্ষার ক্ষেত্রে মেধার বিকাশ বাধাগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সচেতন অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হতে হবে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া বাদ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য অভিভাবকদের সব সময় সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করলে জাতি উপকৃত হবে।
চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম।




