দিনাজপুর শহরের সিপাহীপাড়ায় নির্মাণাধীন সেতুর মালামাল চুরি করতে দেখে ফেলায় টিটু (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিজন (২৬) পলাতক রয়েছেন।
নিহত টিটু শহরের লাইনপাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে। তার বড় ভাই বিপ্লব জানান, তিনি সিপাহীপাড়ায় নির্মাণাধীন একটি সেতুর পাহারাদার হিসেবে কাজ করেন। বুধবার রাতে খাওয়ার জন্য বাড়িতে যাওয়ার আগে ছোট ভাই টিটুকে কিছুক্ষণের জন্য পাহারার দায়িত্ব দিয়ে যান।
বিপ্লবের অভিযোগ, এ সময় একই এলাকার রাজুর ছেলে রিজন সেতুর মালামাল পরিবহনে ব্যবহৃত গাড়ির ব্যাটারি ও রোড কাটার সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছিলেন। টিটু বিষয়টি দেখে ‘চোর চোর’ বলে চিৎকার করলে রিজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও উরুতে আঘাত করে পালিয়ে যান।
টিটুর চিৎকার শুনে বিপ্লব, পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিপ্লব বলেন, মৃত্যুর আগে টিটু তাকে জানিয়েছেন, চুরিতে বাধা দেওয়ায় রিজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
অভিযুক্ত রিজনের বাবা রাজু বলেন, তার ছেলে অপরাধ করে থাকলে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। তার দাবি, ছেলে মাদক সেবন করে এবং তাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।