রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের দুই সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কক্ষের খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুই আসামিকে আদালতে নেওয়া হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপরদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।