ফেনী পৌর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পিটিআই স্কুলের বিপরীত পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর চরবংশী এলাকার বিল্লাহ হোসেন (২৪), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রংছাতী এলাকার মো. রেজাউল করিম (২৪), একই উপজেলার হরিণাকুণ্ডি এলাকার মো. রুবেল হোসেন (২২) এবং ফেনী সদর উপজেলার রামপুরের তারেক মিয়ার কলোনি এলাকার মো. হৃদয় (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।