চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছাড়ার আহ্বান জানিয়ে ব্যতিক্রমী ঘোষণা দেওয়া হয়েছে। মাদক না ছাড়লে তাদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব বাজারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় তিন হাজার শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও প্রতিনিধিরা অংশ নেন।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে ও শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিক্রেতাদের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




