পাবনায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাল শেখ (৫২), জনি কাজী (২৮), জলিল মণ্ডল (২৮) ও বাবলু মণ্ডল (২৬)। তাদের বাড়ি পাবনা সদর, আমিনপুর ও সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, বুধবার রাতে চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে রামনারায়ণপুর ও নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।