ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত ও একক প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
বুধবার (৭ অক্টোবর) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ আসনে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 
বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর মির্জা ফয়সল আমিন একক প্রার্থী হন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ও ধানের শীষ প্রতীক দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ আসনে বিএনপির প্রার্থী ছাড়া জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হবে। ভোটগ্রহণ ২৯ অক্টোবর। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।