শারদীয় দুর্গোৎসব ঘিরে জামালপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলা যুবদলের সদস্যসচিব ও পৌর মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান। প্রতিদিন ১০ থেকে ১২টি মণ্ডপে গিয়ে তিনি পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি মণ্ডপ পরিচালনা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেও খোঁজ নিচ্ছেন।
মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনকালে সোহেল রানা খান বলেন, বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সহযোগিতার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জামালপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন পৌর মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান। পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা ইকরামূল হক মানিক, যুবদল নেতা মো. রতন ও মো. ইমরানসহ অন্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে বিভিন্ন মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়।