তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে দেশের সব জেলায় দুই মাসের বিনামূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে যুব উন্নয়ন অধিদপ্তর।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণের সময়ে প্রতিদিন যাতায়াত ও খাবার খরচ হিসেবে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে।যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান। একই সঙ্গে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।

ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ এবং তথ্যপ্রযুক্তির প্রাথমিক জ্ঞান রয়েছে—এমন প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।দেশের আট বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণটি পরিচালনা করা হবে। আগ্রহীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিতদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।