ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। 
এ মেলা শুধু ফরিদপুরের ঐতিহ্য নয়, বাংলাদেশের লোকজ সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে ঘিরে সংস্কৃতিসেবীদের মিলন ঘটে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়। 
বক্তারা আগামী বছর থেকে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।পরে কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে মেলা পুনরায় আয়োজনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।