সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) গভীর রাত থেকে সোমবার (৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, সলঙ্গা ও তাড়াশ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জের ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সলঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল করিম ভোলা (৬৫), সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোদালপাড়া মহল্লার যুবলীগ নেতা ইউসুফ শেখ (২৭) এবং তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাকিব (৪৫)।
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী জানান, সোমবার দুপুরে সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম ভোলাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাটিকুমরুল থানায় পোড়ানো ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা ইউসুফ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, রোববার রাতে দেশীগ্রাম ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।