ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলা, মুখ ও কানে ছুরিকাঘাতের একাধিক ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমা চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের বাস্তা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখ ঢাকা এক ব্যক্তিকে সুমার ফ্ল্যাট থেকে বের হতে দেখা গেছে। প্রাথমিকভাবে তাকে হত্যার শিকার বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুমা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার দুই মেয়েরই বিয়ে হয়েছে।