প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পা দিয়েছে কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর মাত্র দুই বছর পরই প্রতিষ্ঠানটি পা রাখবে সুবর্ণজয়ন্তীতে।
রবিবার (২২ নভেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। পরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ এবং প্রশাসন ভবনের সামনে কেক কাটা হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টির পরিসর বেড়েছে। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে দীর্ঘ পথচলায় অবকাঠামো ও শিক্ষার্থীসংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়টিতে সেশনজট, আবাসন ও শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি শিক্ষক, পরিবহন ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। পর্যাপ্ত আর্থিক বরাদ্দের অভাবও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ফি জমা, ফল সংগ্রহ ও সনদ উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে এখনো প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষায় পিছিয়ে থাকা অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। তবে দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ের সেই উদ্দেশ্য ও আদর্শ থেকে বিচ্যুতির চেষ্টা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। নানা চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত উদ্যোগে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠ্যক্রমে শিল্প ও কর্মক্ষেত্রসংশ্লিষ্ট একটি কোর্স বাধ্যতামূলকভাবে যুক্ত করা হচ্ছে।
প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্ণ হওয়ার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার মান, প্রশাসনিক সেবা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে একটি আধুনিক ও প্রত্যাশিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা।




