সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস সরদার (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে বড় ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ওই গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘেরের বৈদ্যুতিক সংযোগের তার গোছানোর কাজ করছিলেন কুদ্দুস। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। ঘটনাটি দেখতে পেয়ে ঘেরে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।