দুই দিন ধরে নিখোঁজ থাকার পর নাটোরের বড়াইগ্রামে একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালপুর ইউনিয়নের শিবপুর বিল এলাকায় তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উদ্ধারের সময় হৃদয়ের শরীরে প্রাণের স্পন্দন থাকলেও তিনি কোনো কথা বলতে বা সাড়া দিতে পারছিলেন না। তার শরীরের পোশাক ভেজা ছিল এবং পিঠে একটি ব্যাগ বাঁধা ছিল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে ভেজা পোশাক পরিবর্তন করে গরম কাপড় পরিয়ে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ইখতিয়ার জানান, তার বড় বোন প্রথম ধানখেতে একজনকে পড়ে থাকতে দেখার খবর দেন। সেখানে গিয়ে হৃদয়কে উপুড় অবস্থায় দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
আরেক বাসিন্দা জাফর জানান, শিক্ষার্থীর ব্যাগে বিশ্ববিদ্যালয়ের পরিচয়সংক্রান্ত তথ্য পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগের পর বড়াইগ্রাম থানা-পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দুর্গম ও কাদামাটির পথ পেরিয়ে তাকে মূল সড়কে আনতে বেশ বেগ পেতে হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের আগের রাতেও ওই এলাকায় হৃদয়কে ঘোরাফেরা করতে দেখেছিলেন কয়েকজন। তাকে খাবার দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন তারা। তবে কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে। তিনি নুর ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকার মণ্ডলের মোড়ের একটি মেসে থাকতেন।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শুক্রবার রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করা হয়। অনুসন্ধানের একপর্যায়ে তার মুঠোফোনের সর্বশেষ অবস্থান রাজশাহীর শিরোইল কলোনি এলাকায় শনাক্ত হয়েছিল।
এদিকে হৃদয়কে উদ্ধার করার খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বনপাড়া আমিনা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হৃদয় এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে কীভাবে তিনি রাজশাহী থেকে বড়াইগ্রামে পৌঁছালেন, তা নিশ্চিত হওয়া যায়নি। মতিহার ও বড়াইগ্রাম থানা-পুলিশ সমন্বিতভাবে বিষয়টি তদন্ত করছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে বক্তব্য নিয়ে ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।