পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেছেন, সাজেক সংকট আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাহাড়ের মৌলিক সমস্যাগুলো সমাধান করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ ও মৌলিক সমস্যা দূর করতে তিনটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এখানে যারা স্টেকহোল্ডার আছে সকলের সাথে আলোচনা করে পাহাড়ে সমস্যা সমাধান করা হবে। পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান খুঁজে বের করা জরুরি বলে মন্তব্য করেন ওয়াদুদ ভূঁইয়া এমপি। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল এগারটায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কারবারিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া এমপি আরো বলেন, বর্তমানে সাজেক নিয়ে যারা আন্দোলন করছে তাদের মধ্যে হেডম্যান-কারবারি অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছে রাঙ্গামাটির হেডম্যান কার্বারীরা। তারা জানিয়েছেন তাদের ব্যানার ব্যবহার করে যারা আন্দোলন করছে ওই ব্যানার তাদের নয়। প্রকৃতপক্ষে তারা কেউ হেডম্যান কারবারী না। তিনি প্রকৃত ঘটনা অনুসন্ধানে হেডম্যান কারবারিদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় রাঙ্গামাটি জেলা ও সাজেকের আন্দোনলকারী হেডম্যান কারবারীদের নিয়ে আলোচনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সাজেকের পরিস্থিতি নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। তবে পাঁচ দফা দাবি যারা জানিয়েছে, তারা কারা—তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি বলেন, “যে পাঁচ দফা দাবি জানানো হয়েছে, তারা কারা? আমরা কাদের সঙ্গে আলোচনায় বসব? তারপরও আলোচনার পথ খোলা রয়েছে। আমরা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, খুব শিগগিরই সাজেক সংকট থেকে উত্তরণের উপায় বের করা হবে।”
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যর মধ্যে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল হক ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন সহ হেডম্যান কার্বারীরা উপস্থিত ছিলেন।