জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অভিষেক উদযাপন কমিটি গঠন, বিভিন্ন উপ-কমিটি নিয়ে আলোচনা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হালিশহরের মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অভিষেক উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক প্রাবন্ধিক ও কলামিস্ট মো. কামরুল ইসলাম। 
সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ। প্রধান বক্তা ছিলেন সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন), সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাজেদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানকে সফল করতে তিন সদস্যের অভিষেক উদযাপন কমিটি ১৫ সদস্যে উন্নীত করা এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 
অনুষ্ঠানে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন থাকবে।সভা শেষে জেএসএসের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।