রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। আদেশ জারির দিনই তিনি রাজশাহী ত্যাগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে কর্মরত মো. ইউসুফ আলীকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠে ইউসুফ আলীর বিরুদ্ধে। রাজশাহী সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এ সময় হাত মেলানোর পর বিভাগীয় কমিশনারকে ঝুঁকে সামনে এগিয়ে আসার চেষ্টা করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। সকালে ঢাকা থেকে রংপুর হয়ে রাজশাহী পৌঁছান তিনি। রাজশিয়ায় কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।