সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে যতীন সরদার (৫৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই বকুলতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যতীন সরদার ধামাইনগর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত বিশ্বনাথ সরদারের ছেলে। তিনি এক সন্তানের জনক।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাঁকাই বকুলতলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে কয়েকজন পুলিশকে খবর দেন। পরে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের বোন সুন্দরী সরদার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ভাই যতীন সরদারের বলে শনাক্ত করেন।
স্বজনরা জানান, যতীন সরদার দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে স্বজনরা তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যেই পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে যতীন সরদারের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




