সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এ কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে। এ উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো এ সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে যথাযথভাবে প্রয়োগের জন্যও তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শ্বাশত চাকমা রিংকু, নন্দিতা দাশ, সুবর্ণ দেব বর্মণসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। তিনি প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে অবহেলা ও অনিয়মের বিষয়ে সতর্ক করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।




