চট্টগ্রামের আনোয়ারায় সড়কে আগুন দিয়ে অবরোধ, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, সরকারবিরোধী স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাতে উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। একই সময়ে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়। এ ছাড়া বৈরাগ ইউনিয়নের সরকারহাট বাজারসহ বিভিন্ন স্থানে লাঠিসোঁটা, ইটের টুকরা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যোগসাজশে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এমনকি দেশের বাইরে অবস্থান করেও কেউ কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা ৪১ জন হলেন-শাখাওয়াত হোসেন হামিম, মো. তারেক, আবদুল মাহিদ, ফারহান মাহমুদ, সাইফুল ইসলাম সাইমন, মো. আবু তৈয়ব, মো. হাবিবুর রহমান, এম এ আবদুল মান্নান, জসিম উদ্দিন, মুজিব শাহ, মোহাম্মদ শাহজাহান, আসিফুল ইসলাম বাপ্পি, শাহানা শাহ, রবিউল হায়দার, মো. ইমতিয়াজ, জাহেদ শাহ, মো. নাছির উদ্দিন প্রকাশ নিতু নাছির, এস কে খান, সজিব খান নুজিব, মো. ইয়াছিন, মো. আলী আজগর, আবুল কাশেম, নঈম উদ্দিন, সাইফুল হক চৌধুরী, মো. সাকিব, মো. আরমান, ওয়াহিদ, মো. রাশেদ, মো. আরাফাত, আসিফুজ্জামান, মো. রাসেল, তানভীরুল ইসলাম চৌধুরী, মো. ইয়াছিন, খালেদ মাহমুদ, মো. হাসিব, রেজাউল করিম চৌধুরী, মো. ফারুক, মো. সাইফুদ্দিন, আব্দুল নয়ন, মো. কেফায়েতুল্লাহ ও হাফেজ আহমদ।
মামলার বাদী এসআই মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।