জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জীবন দিতে হলেও জাতির সঙ্গে বেইমানি করবেন না। জনগণের সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা জোটের ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়, বরং দেশের মানুষের অধিকার ও স্বার্থের সঙ্গে জড়িত। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণের রায় পাওয়ার পরও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, নির্বাচনের আগে বিএনপি গণভোটের রায় মেনে নেওয়ার কথা বললেও এখন ক্ষমতায় গিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে।
সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এক থেকে দুই হাজার টাকার সহায়তা দেওয়া হলেও গ্যাস ও বিদ্যুতের বিল বাবদ সাধারণ মানুষকে মাসে প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকলেও বিল আদায়ের অভিযোগ করেন তিনি।
কৃষি খাতের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সার ডিলার নিয়োগে ২০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এর প্রভাবে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে, অথচ কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, দুর্নীতি ও অর্থ পাচার রোধ তাদের আন্দোলনের অন্যতম দাবি। ১১ দলের বিজয়ের পরিবর্তে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। এ সময় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অন্যদিকে আল্লামা মামুনুল হক বলেন, আলোচনার মাধ্যমে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি নিতে তারা পিছপা হবেন না। সরকার পতনের ডাক এলে খুলনাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।