বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’ শীর্ষক কর্মশালাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। ‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক সাব-প্রকল্পের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
উপাচার্য বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতা, কার্যকর প্রশিক্ষণ ও তথ্যনির্ভর উদ্যোগ গ্রহণ জরুরি। এ ধরনের প্রশিক্ষণ মডিউল এবং জরিপ উপকরণ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার পথ সুগম করবে।
কর্মশালায় প্রশিক্ষক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাবের লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাবের লিড ড. ইশরাত জাহান খান বর্ষা।
দিনব্যাপী কর্মশালায় দুটি গুরুত্বপূর্ণ উপকরণ যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ছিল ১০টি মডিউলসমৃদ্ধ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে অংশ নেন।