বান্দরবানের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় তাবলিগ জামাতের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামী জেলা ইজতেমার আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের ভিন্নতা সত্ত্বেও সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধের চর্চা শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ে সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় উপস্থিত নেতারা মারকাজ মসজিদের উন্নয়নকাজে সহযোগিতা এবং আসন্ন জেলা ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ বান্দরবান জেলা ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজন সফল করতে মন্ত্রীর ৫ লাখ টাকা অনুদানের ঘোষণাকে স্বাগত জানান স্থানীয় মারকাজের মুরুব্বিরা।
অনুষ্ঠানে তাবলিগ জামাতের জেলা আমীর ওসমান গনি, জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরীসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




