যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা-বাবা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ মনিরুল শেখ (২৫) নামে ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মনিরুল উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদক কেনা ও নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তারা।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাতে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ মনিরুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, মা-বাবার অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্যসহ মনিরুলকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।




