অপরাধ দমনে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে বড়সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেঞ্জ পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৭২৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ এবং ১৫০ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৫৬ জন, আগের মামলার আসামি ১১৪ জন, পরোয়ানাভুক্ত ৯৪ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৫১ ধারাসহ বিভিন্ন আইনে আরও ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাদক গ্রহণের অভিযোগে ৬৭ জন এবং মাদক কারবারিসহ অন্যান্য মামলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মাদক সংশ্লিষ্টতায় আটক হয়েছেন ১০৪ জন। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এবং জরিমানা আদায় করেছেন ১২ হাজার ৭০০ টাকা। পাশাপাশি ২৩টি মাদক মামলা করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ জন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ২৩ জন, কুমিল্লায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, লক্ষ্মীপুরে সাতজন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, কক্সবাজার ও চাঁদপুরে পাঁচজন করে, খাগড়াছড়িতে পাঁচজন, ফেনীতে দুজন এবং রাঙ্গামাটিতে একজন রয়েছেন।
কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পৃথক অভিযানে আটক করা হয়েছে ৩২০ জনকে। এদের মধ্যে ১৪৪ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে মুচলেকা নিয়ে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে কুমিল্লায়, ১৬৬ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ৪১, চট্টগ্রামে ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, খাগড়াছড়িতে ১১, নোয়াখালীতে নয়, চাঁদপুরে সাত, ফেনীতে পাঁচ, রাঙ্গামাটি ও বান্দরবানে সাতজন করে এবং কক্সবাজারে ১৯ জন আটক হয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য।