শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি এবং পূজার সময় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার, বিজিবি, এসআরবি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ এবং পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, প্রয়োজনীয় নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে মতামত দেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা যায়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, মণ্ডপের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, অগ্নিনিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটিগুলোকেও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সার্বিক সমন্বয়ের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।




