সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় মাদ্রাসা পরিচালনা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতা জাকির হোসেনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসার পক্ষে উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। সোমবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় ইমাম হাসানকে প্রধান আসামি এবং ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এজাহারে আরও ১২ জনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকেও আসামি করা হয়েছে।এজাহার অনুযায়ী, মাদ্রাসার মালিকানাধীন একটি মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি মাদ্রাসা ও মার্কেটে প্রবেশ করে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা ইনচার্জ আলতাব হোসেন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র, দরজা-জানালা ও প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি লকার থেকে ২০ লাখ টাকা নগদ, দুটি ল্যাপটপ ও ১০টি কম্পিউটার মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, জাকির হোসেন ও ইমাম হাসানের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল হামলায় অংশ নেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তার দাবি, সৈয়দ সানজিদের মাদ্রাসাটির সঙ্গে কোনো বৈধ সম্পর্ক নেই এবং তিনি জোরপূর্বক প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করছিলেন। স্থানীয়দের ক্ষোভের কারণেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।