জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রুফটপ সোলার স্থাপন বিষয়ে দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। দেশের সীমিত সম্পদ দিয়ে জ্বালানির চাহিদা পূরণ এবং এ খাতে ক্রমবর্ধমান ভর্তুকি নিয়ন্ত্রণে সৌরবিদ্যুতের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে সভায় তিনি বলেন, সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনস্বার্থে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ জন্য তিনি সব দপ্তরপ্রধানের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সঞ্চালনায় সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। সভায় জেলার বিভিন্ন দপ্তরপ্রধান তাঁদের মতামত তুলে ধরেন।