অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা এবং অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে প্রায় এক মাস তিনি ওই ক্যাম্পে ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন।
নতুন করে দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনাকারীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি এবং তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে আরআরএফে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশ সুপার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেবেন।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় কি না এবং এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




