নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে নতুন গ্যাস কুপে বিপুল পরিমান গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোাডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই কুপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
আজ সোমবার (২নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দুই ধাপে কুপটিতে অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের ইনচার্জ মোহাম্মদ রকিবুল হাসান জানান, কূপটিতে তেল,পানি বা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এই কূপ থেকে দৈনিক ৮- ১২মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান,বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই থেকে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু করা হয় এবং ৩০ সেপ্টেম্বর শেষ হয়। কূপটির ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়েছে। এর ২হাজার৫৫১ থেকে ২৫ হাজার ৫৭ মিটার গভীরতায় গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।
বাপেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে নতুন এই গ্যাসের সন্ধান স্থানীয়ভাবে গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




