ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামের পশ্চিম পাশে ইসমাইলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।




