সিলেট নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি পালন করে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটি ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা ও অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, উপদেষ্টা আলী আশরাফ চৌধুরী খালেদ, সাইফুল আলম খান কয়েছ, আব্দুর রহমান, হাবিবুর রহমান মজলাই, আব্দুল্লাহ ও এনাম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’র সহসভাপতি জুবেদ খান, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাজির, সমাজসেবা সম্পাদক সুজন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।




