শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক ইংরেজি সংবাদ পাঠিকা ফারহানা কাদির রহমান।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




