বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন নেত্রকোণার প্রবীণ সাংবাদিক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করেন। একই সভায় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ ও বাংলা ভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈনিক ইনকিলাব, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ বেতার ও দৈনিক যুগান্তরে কাজ করেছেন। সাংবাদিকতা ও সমাজকল্যাণ বিষয়ে তাঁর রয়েছে ২৯টি প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা। পাশাপাশি বই ও সমসাময়িক প্রবন্ধ মিলিয়ে তাঁর প্রকাশিত লেখার সংখ্যা ২১১টি।
১৯৬৬ সালের ১ জানুয়ারি নেত্রকোণায় জন্ম নেওয়া হেলিমের বাবা সামছুল কিবরিয়া চৌধুরী ছিলেন ভাষা আন্দোলনের একজন সৈনিক।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে একটি সমন্বিত ফেডারেল কাঠামোয় আনা হবে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পেশাগত সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তাদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ—এই ছয় জেলার সাংবাদিকদের একই সাংগঠনিক কাঠামোর আওতায় আনার বিষয়ে ঐকমত্য হয়।
ছয় জেলার ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ স্লোগান সামনে রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। জেলার নামের আদ্যক্ষর নিয়ে ‘টানে কিশে মজা’ স্লোগানটিও এ উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরা হয়।