ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সভায় ভোটকেন্দ্রের পরিবেশ, প্রস্তুতি, নিরাপত্তা ও ভোটগ্রহণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ভোটের দিন ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর প্রস্তুতি ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হবে। আসনটিতে ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটের জন্য ১৮৫টি কেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিএনপির দুই বৈধ প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করায় মির্জা ফয়সল আমীন দলটির প্রার্থী হিসেবে রয়েছেন। ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত।




