জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে তিন যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুজনকে এক বছর করে এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে মো. রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জসিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামের মৃত সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ ও এনাতুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, মাদক সেবনরত অবস্থায় জহুরুল ইসলাম জুয়েলকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক সেবন ও বহনের অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। অপরাধের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।