সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল, যা সময়ের সঙ্গে জাতির কাছে প্রমাণিত হয়েছে। এখন দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। বাংলাদেশে দলটির পুনরুত্থানের কোনো সুযোগ নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাবেদারি করবে না। জনগণ, স্বাধীনতা ও জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়া হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও থানায় অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না। বর্তমান সরকার মানবিক ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, খুন কিংবা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে সরকার হাঁটতে চায় না। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শুধু রংপুর জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকা। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জন্যও পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, রংপুর বিভাগের মানুষ যাতে সবচেয়ে বেশি উপকৃত হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত স্থানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সংশোধিত আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। কোনো দল সরাসরি প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। ব্যানার-পোস্টারেও দলীয় পরিচয়ে প্রার্থী প্রচারের সুযোগ থাকবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা ঘোষণা করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।