বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়ার সংস্কৃতিতে দলটি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, জনগণের পক্ষে কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। একই সঙ্গে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তবে এ অর্জনে আত্মহারা হয়ে বেপরোয়া জীবনযাপনের সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথের অপশক্তির বিষয়ে সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেবে না।
তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে মোকাবিলা করতে হবে। সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারীদের সহযোগিতা করে সরকারকে সফল করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের এই নেতা বলেন, কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবুসহ বিভিন্ন পৌর ও উপজেলা যুবদলের নেতারা।